
মোঃ ইয়াছিন হোসেন সুজন :
চাঁদপুর শহর সহ এ জেলার ৮টি উপজেলাতে প্রায় ৬ হাজার সিএনজি চালিত অটোরিক্সা, প্রায় ২ হাজার ব্যাটারি চালিত অটো গাড়ি ও প্রায় ১ শত মিনিবাস এর চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। পবিত্র ঈদুল ফিতরের ৫ম দিন চলে যাওয়ার পরও ঈদ কমিশনের নামে এসব গণপরিবহনের চালকরা চাঁদপুর-কুমিল্লা রোড, চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও চাঁদপুর শহর সহ এ জেলার ৮টি উপজেলাতে প্রকাশ্যে বেআইনি ভাবে ভাড়া আদায় করছে । আবার বকশিশ এর দোহাই দিয়েও এসব যানবহান চালকেরা যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া নিচ্ছে। জানা গেছে, চাঁদপুর লঞ্চঘাট থেকে কালি বাড়ির শপথ চত্বর পর্যন্ত ব্যাটারি চালিত অটো গাড়ির ভাড়া জন প্রতি ৫ টাকা সেখানে চালকরা নিচ্ছেন ১০ টাকা। চাঁদপুর লঞ্চঘাট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ১০টাকা সেখানে নিচ্ছে তারা ২০টাকা। চাঁদপুর লঞ্চঘাট থেকে ষোলঘর ডিসি অফিস পর্যন্ত ভাড়া ১৫টাকা সেখানে নিচ্ছে ২৫-৩০টাকা। চাঁদপুর লঞ্চঘাট থেকে ওয়ারলেস পর্যন্ত ২০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৩০-৪০ টাকা। চাঁদপুর লঞ্চঘাট থেকে বাবুরহাট পর্যন্ত ভাড়া ২৫টাকা সেখানে নিচ্ছে তারা ৪০-৫০ টাকা। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মিনিবাস আনন্দ পরিবহনে জন প্রতি চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত জেনুইন ভাড়া হলো ২৫ টাকা সেখানে নিচেছ তারা ৩০-৩৫ টাকা। চাঁদপুর থেকে
গৃদকালিন্দিয়ার ভাড়া হলো ৩৫ টাকা সেখানে নিচ্ছেন ৪০-৪৫ টাকা। এ জেলায় ৮টি উপজেলাতে চলছে গণপরিবহনের নামে রমরমা বাণিজ্য। এ জেলায় এসব পরিবহন চালকরা প্রশাসনকে ফাঁকি দিয়ে এসব অপকর্ম চালাচ্ছে এমন অতিরিক্ত ভাড়া নিয়ে একাধিক যাত্রীর সাথে প্রতিনিয়ত কথা কাটাকাটি সহ বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে। সরেজমিনে ঘুরে অতিরিক্ত ভাড়ার কথা জানতে চাইলে এসব গণপরিবহণের চালকরা এড়িয়ে যান। তাছাড়া এ জেলায় গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করার ফলে চাঁদপুর ও তার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী সহ প্রায় লাখো লাখো যাত্রীরা দুর্ভোগে অতিষ্ঠ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসব পরিবহনগুলোতে চলাচল করছে। ফরিদগঞ্জে এক সিএনজি যাত্রী বলেন, আমি ফরিদগঞ্জ থেকে চাঁদপুর আসলে সিএনজি চালক ৬০০ টাকা দাবী করে। চাঁদপুর-কুমিল্লা রোডে হাজীগঞ্জ থেকে আসা এক যাত্রী বলেন, এই সড়কে গণপরিবহন চালকরা যার যার ইচ্ছেমতো যাত্রীদের থেকে ভাড়া আদায় করে। লঞ্চঘাটে এক যাত্রী বলেন, এখানে কোন নির্দিষ্ট নিয়ম কানুন নেই। চাঁদপুর জেলার ৮টি উপজেলার সড়কগুলোতে ভাড়া শিথিল রাখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
