চাঁদপুর: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে অনিশ্চয়তার মধ্যে পড়েছে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠান। পৌরসভার বিদ্যমান এলাকার সীমানা সম্প্রসারণ এবং ওয়ার্ড পুনর্বিন্যাসে পৌরসভাগুলোর প্রস্তাব বিবেচনাধীন থাকায় নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি এমন নির্দেশ দিয়েছে।
সূত্র জানায়, মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে এ মাসের মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যে কোনো দিন পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করবে। গত রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব রেহানা ইয়াছমিন স্বাক্ষরিত চিঠিতে (স্মারক নং-৪৬.০৬৩.০৩২.০১.০০.০০১.২০১২-৪৯৬ তারিখ ১৮/০৪/১৩ ইং) নির্বাচন কমিশনের সচিবকে এ নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসক এবং বর্তমান পৌর মেয়রকে সোমবার ফ্যাক্স বার্তায় এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক ও মেয়র নাছির উদ্দিন আহমেদের কাছেও ফ্যাক্স বার্তাটি পাঠানো হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, পৌরসভাটির ওয়ার্ড সম্প্রসারণ/পুনর্বিন্যাস কার্যক্রম এবং পৌর এলাকার সীমানা সম্প্রসারণ বিবেচনাধীন থাকায় বর্ণিত পৌরসভাগুলোর নির্বাচন অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের প্রথম দিকে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব বুঝে নেন। ২০১০ সালে বর্তমান সেশনের মেয়াদ শেষে নির্বাচন হওয়া কথা ছিল। কিন্তু গত দুবছরে দুবার চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলাজনিত কারণে তা শেষ পর্যন্ত বাতিল করা হয়।
শিরোনাম:
সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
