শওকত আলী ঃ
চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক।
প্রসঙ্গত, সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার উপর আরেক শিক্ষার্থীকে উপুর করে শুইয়ে বানানো ‘পদ্মা সেতু’র ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।
ওই ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এক অভিভাবক নূর হোসেন পাটোয়ারী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।
সরকারের তরফ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। সে কমিটি এ বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত সচিব সৈয়দা সরোয়ার জাহান শুক্রবার চাঁদপুর সাকিট হাউজে বহুসংখ্যাক ছাত্র ও এলাকাবাসীর সরাসরি সাক্ষীও গ্রহন করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
