আবু সাঈদ,সংবাদদাতাঃ কচুয়া উপজেলার পশ্চিম সহেদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামের ইসমাইলের স্ত্রী নাজম বেগম গত ২ অক্টোবর রাত ১০ টার দিকে এসিড নিক্ষেপের শিকার হন এমনি অভিযোগে কচুয়া থানায় দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে তুলপাই এলাকার লোকজনরা দারুন ক্ষুদ্ধ হয়ে উঠে। ক্ষুদ্ধ হওয়া লোকজনরা দাবী করছে- নাজমা, তার স্বামী ইসমাইল, ভাসুর মোস্তফা ও ভাসুরের স্ত্রী ইউপি সদস্য শেফালী বেগম দীর্ঘদিন থেকে এলাকায় চাঁদাবাজি, তুলপাই বাজারে দোকান পাট স্থাপনে সম্পত্তি লীজ দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া, নিজ চাচার সম্পত্তি জবর দখল সহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে। এছাড়ও নিজেদের হীনস্বার্থ চরিতার্থে সাধারন নিরীহ মানুষের বিরুদ্ধে কল্পিত অভিযোগ উত্থাপন করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কোর্টে মামলা দায়ের সহ বেশ কিছু অভিযোগ কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট দায়ের হয়। তাদের এসব অপকর্ম ঢাকা দিতে ও তাদের কর্মকান্ডের প্রতিবাদকারীদের প্রতিহত করার হীন উদ্দেশ্যে নাজমার উপর সাজানো-পাতানো এসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়ে কচুয়া থানায় মামলা দায়ের করে। এছাড়াও ইউপি চেয়ারম্যান শামছুউদ্দীন মুন্সীর বিরুদ্ধে কোর্টে ধর্ষনের অভিযোগে একটি বানোয়াটি মামলা দায়ের করে।
এদিকে এসব মামলা দায়েরের প্রেক্ষিতে এলাকার জনগন চরম ভাবে ফুঁসে উঠে। এক পর্যায়ে জনতার রোষানলে পড়ে নাজমা ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। তাদের ঘর-দরজাও ভাংচুর হয়। এমনি অবস্থায় তুলপাই এলাকার শান্তি শৃঙ্খলার চরম অবনতি ঘটার আশংকার প্রেক্ষিতে শনিবার (২৪ অক্টোবর) তুলপাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সহেদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুউদ্দীন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিনিয়র এএসপি (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল হানিফ, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহিদ দর্জি, কচুয়া থানা অফিসার ইনচার্জ ইবরাহীম খলিল, কচুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান।
বক্তারা বলেন-তুলপাই গ্রামের সহোদর মোস্তফা ও ইসমাইল, ইসমাইলের স্ত্রী নাজমা ও মোস্তফার স্ত্রী শেফালী মেম্বারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে-সেসব অভিযোগ তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিজ বাড়ীতে বসবাস করার জন্য তাদের মৌলিক অধিকার রয়েছে। এ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। তাই তারা আজ থেকে তাদের বাড়িতে বসবাস করবে। অপরাধ যত বড়ই হোক, আইনের আওতায় তাদের বিচারের সম্মূখীন হতে হবে। আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে হবে। বক্তারা আরও বলেন- আইন তার নিজ গতিতে চলে। আইন নিজের হাতে তুলে নেয়ার কারও অধিকার নেই, এখন থেকে এই এলাকায় যার কর্মকান্ডে আইন শৃঙ্খলার অবনিত ঘটবে অথবা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমনি মদদ দাতা ও উসকানি দাতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ মতবিনিময় সভায় তুলপাই এলাকায় সুষ্ঠ আইন শৃঙ্খলার বজায় রাখতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী কে আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শামছুউদ্দীন মুন্সীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও তুলপাই বাজার কমিটির সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী সহ সহেদেবপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। কোর্টে ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট যেসব মামলা ও অভিযোগ দায়ের হয়েছে যথাযথ তদন্ত সাপেক্ষে সেগুলো নিষ্পত্তি করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেনকে আহবায়ক ও কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইবরাহীম খলিলকে সদস্য সচিব করে আরেকটি কমিটি গঠন করা হয়। এ উভয় কমিটি কার্যক্রমের অগ্রগতি মনিটরিং করবেন-উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
শিরোনাম:
শনিবার , ২৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

