প্রতিনিধি
কচুয়ায় কালবৈশাখী ঝড় লন্ডভন্ড করে দিয়েছে পাথৈর উচ্চ বিদ্যালয়টিকে। গতকাল ১০ মে বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড ঝড়ে বিদ্যালয়ের দু’টি টিনের ঘরের চাল ও বেড়া উড়ে যায়। এ সময় শ্রেণীকক্ষে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণীর কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় সাচার বাজারের রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়। তন্মধ্যে সপ্তম শ্রেণীর জাকিয়া ও অষ্টম শ্রেণীর ফেরদৌসী আক্তারকে গুরুতর আহত অবস্থায় জরুরি ভিত্তিতে কুমিল্লা ট্রমা সেন্টারে প্রেরণ করা হয়। এছাড়া দশম শ্রেণীর সুমাইয়া ও আলাউদ্দিন, অষ্টম শ্রেণীর আমান উল্লাহ ও জান্নাত আহত অবস্থায় রেঁনেসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা বেগম জানান, বিদ্যালয়ের একমাত্র দুটি টিনশেড ঘরই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো। খোলার দিন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদানের মতো কোনো অবস্থা নেই। ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বড়ই বিপাকে পড়েছি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, শিক্ষার্থীদের পাঠদানের জন্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদ্যালয় পরিদর্শন করেছেন ।
