কচুয়া থানা পুলিশ পানি ও সুতা তৈরির কারখানা থেকে ২শ’ ৫০ পিচ (দেশীয় কাঠের রোল) অস্ত্র উদ্ধার করেছে। একই সাথে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে : আঃ রহমান (৩৫), জোবায়ের আহমেদ (২৯), মাসুদ রানা (২৩), রুবেল মিয়া (২৯) ও আরিফ মিয়া (২০)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান, আগামী ১ এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ঘটনাস্থলে অস্ত্র মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (কাঠের রোল)সহ ৫ জনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং ১৬। আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কচুয়া উপজেলা আওয়ামী লীগ তাদের নিজস্ব কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নামধারী এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের চাচাতো ভাই শাহাদাত হোসেন মিয়ার কারাখানা থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করায় আমরা শঙ্কিত। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভায় উপজেলার নেতা-কর্মীদের যোগদানে বাধা সৃষ্টির লক্ষ্যে উক্ত অস্ত্র মজুদ করা হয়েছে। তিনি দাবি করেন, এ মজুদকৃত অস্ত্র দ্বারা নাশকতামূলক কর্মকা- ঘটিয়ে প্রধানমন্ত্রীর জনসভাকে বানচাল করারই গভীর ষড়যন্ত্র। আমরা এ ষড়যন্ত্রমূলক কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ও সাবেক ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল।
অন্যদিকে কারখানার মালিক মোঃ শাহাহাদাত হোসেন মিয়া সাংবাদিকদের জানান, কাঠের রোলগুলো আমার সূতা তৈরির কাজে ব্যবহৃত টোনিং (সরঞ্জাম) আর গ্রেফতারকৃতরা প্রত্যেকে আমার কর্মচারী।
