
স্টাফ রিপোর্টার:
: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষার্থীদের থেকে আমরা অভিযোগ পেয়েছি, আপনারা (শিক্ষকরা) ক্লাশে ঠিকমত না পড়িয়ে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানো ও কোচিং বিষয়ে আমরা আইন করছি। আইন করে তা বন্ধ করা হবে। আর কিছু সংখ্যক শিক্ষক সমাজে আপনাদের লজ্জিত করছে। আমরা কষ্ট করে এবং দায়িত্বশীলতা নিয়ে পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরী করি। কিন্তু এই প্রশ্ন শিক্ষকের হাতে গেলেই ফাঁস হয়ে যায়। এই ধরনের কুলাঙ্গার শিক্ষকদেরকে আপনাদেরই চিহ্নিত করতে হবে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চ্যানেল আই কর্তৃক আয়োজিত শিক্ষা বাজেট ২০১৭-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের হাত একসাথ হয়ে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো। ২১ সালে আমরা মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত রাষ্টে পরিণত হওয়ার লক্ষে কাজ করছি। আর এ জন্য বেশী প্রয়োজন শিক্ষা। প্রাথমিক স্তরে ৫১ ও মাধ্যমিক স্তরে ৫৩ ভাগ মেয়ে পড়া-লেখা করছে। পাশাপাশি ছেলেদেরকেও এগিয়ে আসতে হবে।
আমরা শিক্ষা উন্নয়নে যে বরাদ্দ পাই তা দিয়ে কাজ করে যাচ্ছি। গত ৫ বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুন। সে কারণে অবকাঠামো, শিক্ষক সংকট ইত্যাদি থাকতে পারে। এসব বিষয়গুলো পর্যায়ক্রমে আর থাকবে না। আমরা দারিদ্রতা কাটিয়ে উঠছি। শিক্ষার জন্য নতুন পরিকল্পনা গ্রহন করছি। মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, সরকারি বিদ্যালয় ও কলেজে নতুন ভবন তৈরী করা হবে। তবে বিশেষ করে নদী ভাংতি, চরাঞ্চল, হাওড় ও পাহাড়ী অঞ্চলে বিশেষ নজর দেয়া হচ্ছে এবং হবে। এছাড়াও এসব অঞ্চলে আলাদা করে সহযোগিতা দেয়া হয়।
শিক্ষক সংকট সম্পর্কে মন্ত্রী বলেন, উপযুক্ত লোক পাওয়া যায় না। আবার শিক্ষকতা পেশায় অনেকে নিবেদিত প্রাণ হয়ে আসেন না। চরাঞ্চলে শিক্ষকরা এসে থাকতে চায় না। আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এসব এলাকায় শিক্ষা দিয়ে আলোকিত করবেন, এতে করে আপনাদের সম্মান অনেকগুন বাড়বে।
মন্ত্রী আরো বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা। তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখতে চাই। আমরা দেশকে পরিবর্তন করছি। উন্নত দেশ গড়ার জন্য আপনারা শেখ হাসিনাকে যে রায় দিয়েছেন তা বাস্তবায়নে আপনাদেরকেই সহযোগিতা করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকালী সময়ে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, সেই লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে সমন্বয় করে গড়ে তুলতে হবে। কারণ তারাই হবে আধুনিক ও উন্নত বিশ্বের নির্মাতা।
চ্যানেল আই এর বার্তা প্রধান শাইয়খ সিরাজের উপস্থাপনায় শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত বক্তব্য রাখেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন চাঁদপর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে খানম, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
