
নিজস্ব প্রতিনিধি-
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৩ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি চাঁদপুরের যৌথ আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদ্যাপনে র্যালী ও আলোচনা সভা আয়োজন করে। গতকাল ২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দিবসের বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ নুরী। র্যালী শেষে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাফ্ফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ নুরী। বক্তব্যে তিনি বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে যেন খোলা স্থানে বা কাচাঁ টয়লেটে আমরা মলমূত্র যেন ত্যাগ না করি। খোলাস্থানে মলমূত্র ত্যাগ করলে তা থেকে নানা ধরনের রোগ-জীবাণুর সৃষ্টি হয়। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে স্যানিটেশন ব্যবস্থা বলবৎ থাকবে এবং আমরা সচেতন হলেই স্যানিটেশন মাসের সার্থকতা হবে। আমাদের ০-৫ বছর বয়সী শিশু সন্তানদের মলমূত্র ত্যাগ করানোর পর তা ঢেকে রাখতে হবে। যদি ঢেকে রাখা না হয় তাহলে এসব মলমূত্রে পোকামাড় বসে রোগ-জীবানু মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। এসব মলমূত্র বড় গর্ত করে মাটি চাপা দিয়ে দিতে হবে। গ্রামীণ জনপদে এখোনো অসংখ্য কাঁচা টয়লেট রয়েছে। গ্রামের মানুষকে সচেতন করে টয়লেটগুলোকে স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে পাঁকা করার জন্য বলা হয়। বাথরুম থেকে ফিরে সাবান বা ছাঁই দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে , যাতে করে ঐ ময়লাযুক্ত হাত থেকে খাবারের সাথে রোগজীবানু শরীরের ভিতর প্রবেশ করতে না পারে। কোন অবস্থাতেই খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা থেকে নিজে বিরত থাকতে হবে। পরিবারের ছোট-বড় সবাইকে স্যানিটারী ল্যাট্রিন ব্যবহার করা জন্য উদ্বুদ্ধ করতে হবে। শিশুদের মলমূত্র অবশ্যই ল্যাট্রিনে ফেলতে হবে। ল্যাট্রিনে শৌচ কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। ল্যাট্রিনের পাশে পানি ও সাবান রাখার ব্যবস্থা রাখতে হবে, যাতে করে ল্যাট্রিন শেষে হাত পরিস্কার করা যায়। ল্যাট্রিন ব্যবহার করার সময় অবশ্যই স্যান্ডেল ব্যবহার করতে হবে। ল্যাট্রিন ব্যবহারের পর পর্যাপ্ত পরিমাণ পানি কমোটের মাঝে ঢালতে হবে, যাতে করে কোন প্রকারের মলমূত্র ত্যাগের দুর্গন্ধ ছড়াতে না পারে। নারী পুরুষ উভয়ে প্রতিদিন ঝাড়– ও পানি দিয়ে ল্যাট্রিন পরিস্কার রাখতে হবে। ল্যাট্রিন যদি মলমূত্রে ভরে যায় তাহলে সেখান থেকে কমপক্ষে ৪ হাত দূরে গর্ত করে পুরাতন ল্যাট্রিনের উপরের রিং ও স্লাব নতুন ল্যাট্রিনে ব্যবহার করতে হবে। স্যানিটেশন ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। যেমনঃ খাবার তৈরি, পরিবেশন, বাচ্চাকে খাওয়ানো ও নিজে খাওয়ার আগে দু’হাত সাবান দিয়ে পরিস্কার করে নিলে কোন প্রকারের রোগ জীবাণু থাকবে না। মল ত্যাগ, শিশুকে শৌচ করানো, শিশুর মল পরিস্কার করার পর নিজেকে সাবান দিয়ে দু’হাত ভালভাবে ধূয়ে নিতে হবে। খাবার সবসময় ঢেকে রাখতে হবে, যেন তাতে কোন প্রকারের মশা-মাছি বসতে না পারে। খোলা বা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বাড়ির ময়লা আবর্জনা, মাছের আঁশ, তরিতরকারির খোসা, রান্না ঘরের বর্জ নির্দিষ্ট গর্তে ফেলে মাটি চাপা দিতে হবে। পরবর্তীতে এটি জৈবসার হিসেবে নিজেরা ব্যবহার করতে পারবে। বাড়ির আশপাশের পুকুর, ডোবা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বক্তারা বলেন, ট্রেন যাত্রীরা গাড়ির মধ্য থেকে খোলা স্থানে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করে থাকে, একইভাবে লঞ্চ যাত্রী ও জেলেরা পানির মধ্যে মলমূত্র ত্যাগ করার ফলে নদীর পানি দূষিত হচ্ছে। এ সভায় যেন এই তিনটি বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্র্যাক ওয়াশ কর্মকর্তারা এলাকায় গিয়ে মিটিং করেন ঠিকই কিন্তু আমরা যারা ব্র্যাক ওয়াশ সদস্য আছি মিটিং শেষে আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করতে কোন কথাই বলিনা। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানুষকে সচেতন করার জন্য। জাতীয় স্যানিটেশন মাসের তথ্যাদি যদি পাঠ্যপুস্তকের তালিকায় অন্তর্ভূক্ত করা হয় শিশুকালের পড়ালেখা থেকেই বর্তমান প্রজন্ম স্যানিটেশন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, মতলব উত্তর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এমরান হোসেন চৌধুরী, ব্র্যাক ওয়াশ চাঁদপুরের আসাদুল ইসলাম, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁদপুর সদর থানা সভাপতি আবুল কাশেম, চাঁদপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অহিদুজ্জামান, সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জাফর আহমেদ খান প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ২০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
