চাঁদপুর নিউজ রিপোর্ট
সরকারি কর্মকর্তাদের জন্যে সরকারের পক্ষ থেকে পুরস্কার হিসেবে সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে ‘জনপ্রশাসন পদক’। চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলসহ চাঁদপুরের ছয়জন সরকারি কর্মকর্তা আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পদক গ্রহণ করবেন। জাতীয় পর্যায়ে সাধারণ (দলগত) ক্যাটাগরিতে ‘জনপ্রশাসন পদক-২০১৭’ যে ছয়জন আজ গ্রহণ করছেন, তাঁরা হচ্ছেন জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
‘চাঁদপুর জেলা ব্র্যান্ডিং’ নিয়ে কাজ করার সফলতার স্বীকৃতি স্বরূপ জেলার এই ছয়জন সরকারি কর্মকর্তা এ পদক পাচ্ছেন। আজ ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’-এ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ‘জনপ্রশাসন পদক-২০১৭’ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৯ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে এসে পেঁৗছেছে। দলগতভাবে এই ছয়জনের মধ্যে জেলা প্রশাসককে ‘দলনেতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খানের স্বাক্ষরে এ চিঠি প্রেরণ করা হয়। পদক পাওয়া ছয়জনই তাঁদের চাকুরি জীবনের এই সর্বোচ্চ প্রাপ্তিতে মহান আল্লাহর শোকরিয়া আদায় করে চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পদক প্রদান অনুষ্ঠানে চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের প্রকাশনা উপ-কমিটির সদস্যগণের ক’জন আমন্ত্রণ পেয়েছেন। এঁরা হচ্ছেন : অধ্যক্ষ এম.এ. মতিন মিয়া, অধ্যক্ষ রতন কুমার মজুমদার, কাজী শাহাদাত, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা ও ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
