চাঁদপুরে নাহিদুল ইসলাম সুষ্ময় (২৫)কে ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে। পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মাসুদ সিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে গত ২১ মার্চ রাতে চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। প্রথমে তারা রাত পৌনে বারোটায় চাঁদপুর সরকারি কলেজের গেইটের সামনে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে নাজিরপাড়া এলাকার বসবাসকারী দিলীপ মজুমদারের স্ত্রী মঞ্জু রানী মজুমদার (৪৫) ও তার ছেলে সোহাগ মজুমদার (২৮)কে ১৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এদের সাথে থাকা শহরের ৫নং কয়লাঘাট এলাকার হুমায়ুন কবির হুমা (২৮) পালিয়ে যায়। আটক মঞ্জু রাণী ও সোহাগের স্বীকারোক্তি মতে রাত ১২টায় মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে নাহিদুল ইসলাম সুস্ময় (২৫) কে ১শ’ ৩০ পিচ ইয়াবাসহ আটক করে। এ সময় তার বড় ভাই নাইদুল ইসলাম (২৮) পালিয়ে যায়।এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। অভিযান পরিচালনকারী উপ-পরিদর্শক মোঃ মাসুদ শিকদার জানান, এ সকল মাদক ব্যবসায়ীরা চাঁদপুর শহরে মাদকের ব্যবসা করে আসছিল।
