স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় চারদিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে
বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা ১১টায় স্টেডিয়াম রোড এলাকার মুন হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত নবজাতক হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও গ্রামের দুবাই প্রবাসী আহম্মদ উল্লাহর ছেলে সন্তান।
নিহতের মামা সফিক গাজী জানান, ‘স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নেয় তার বোন জান্নাতুল ফেরদৌস। সোমবার (২৩ জুলাই) দুপুরে প্রসব বেদনা শুরু হলে মুন হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সিজারিয়ান অস্ত্রোপচার করেন ডা. শামসুন্নাহার তানিয়া। এতে জান্নাত একটি ছেলে সন্তান জন্মদেন। জন্মের পর থেকে নবজাতকটি শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু হাসপাতালের আবাসিক চিকিৎসকরা সুস্থ আছে বলে জানান।’
জান্নাতের বাবা লুৎফুর রহমান গাজী জানান, ‘সিজারিয়ান থেকে শুরু করে সর্বশেষ নবজাতকটি মৃত্যু পর্যন্ত তিনি হসাপাতালে ছিলেন। ঠান্ডাজনিত কারণে শিশুটির কষ্ট হচ্ছে বার বার চিকিৎসককে বলা হলেও তারা কোনো কথা আমলে নেয়নি। বরং বলেছে শিশুটি সুস্থ আছে।’
নিহত নবজাতকের মা জান্নাত জানান, ‘জন্মের পর সে থেকেই বুকের দুধ খেতে চায়নি। এ বিষয়টি চিকিৎসকদের জানালেও তারা কথা আমলে নেয়নি। চিকিৎসক বলেছেন আজকে না খেলে কালকে খাবে, চিন্তা করবেন না। কিন্তু এ অবস্থায় বেলা ১১টায় তার মৃত্যু হয়।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের হাসপাকালে একাধিক আবাসিক চিকিৎসক রয়েছেন। চিকিৎসকরা রোগীর স্বজনদের শিশু চিকিৎসক দেখানোর কথা বলেছেন। তারা শিশু চিকিৎসক দেখাননি। এ বিষয়ে আমাদেরকেও চিকিৎসক কিংবা রোগীর স্বজনরা জানায়নি।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি বলেন, বিষয়টি রোগীর স্বজনদের কাছ থেকে জেনেছি। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোগীর স্বজনরা কোনো মামলা করতে রাজি হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অভিভাবকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবে।
