শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। রবিবার ভোড়ে শহরের জোড় পুকুর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হল-৫নং রেলওয়ে কাঁচা কলোনির মোহরি খোরশেদ আলম খোকনের ছেলে আলমগীর হোসেন বাবু (২৫)ও মৃত ওমল দের ছেলে শিমল দে(২৪)। মডেল থানার এস আই রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করেছে।
জানা যায়, মাদক বিক্রেতা শিমল দে ও তার সহযোগীরা প্রতিদিন রাতে শহরের বিভিন্ন জায়গায় ইয়াবা ও বিভিন্ন মাদক বিক্রী করে আসছে। গত কয়েকদিন পূর্বে এই মাদক বিক্রেতা শিমল দেকে পুলিশ আটক করলে পুলিশকে ধাক্কা মেরে সে পালিয়ে যায়। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক মামলা দায়ের করেছে বলে মডেল থানার এসআই রজাউল করিম জানিয়েছেন।
