
রফিকুল ইসলাম বাবু।
প্রভাব বিস্তার আর মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চাঁদপুর পুরানবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার রাতে মধ্য শ্রীরামদী এবং পাশের মেরকাটিজ সড়কে এই সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। এতে অন্তত ১০ জন আহত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই দফায় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই সময় ঘটনাস্থল দিয়ে বাসায় যাবার পথে শামীম গাজী (২৫) নামে এক পথচারী গুরুতর আহত হন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি। নিহত শামীম গাজী চাঁদপুর শহরের গ্র্যান্ড হিলশা নামে একটি আবাসিক হোটেলের কর্মচারি ছিলেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, এই ঘটনায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। সংঘর্ষে নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদকের আধিপত্যকে কেন্দ্র করে চাঁদপুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের সঙ্গে পাশের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত পাটোয়ারীর ভাই রাসেল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুরানবাজারের মধ্য শ্রীরামদী এবং মেরকাটিজ সড়ক এলাকায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। এসময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।
