বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় তাই করবো
………….চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল । বিদ্যালয় প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় সভায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর জেলা সমাজসেবা অফিসার রজত চন্দ্র সরকার,বিদ্যালয় প্রতিষ্ঠাতা অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন,সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু,সদস্য ব্যাংকার মজিবুর রহমান,মোঃ তাজুল ইসলাম মোঃ মোশারফ হোসেন ,সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা প্রমুখ ।
সভায় বিদ্যালয় প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক বিগত সভার কার্য বিবরণী পাঠ করেন এবং উক্ত সর্বসম্মতি মতে তা অনুমোদন করা হয় ।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল তার বক্তব্যে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় তাই করবো । পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার আওতায় আনা হবে । বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য স্থায়ী জায়গা কিংবা পরিত্যক্ত বাড়ীর ব্যবস্থা করা হবে । এ ব্যাপারে এডিসি রাজস্বকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে । আশা করি অচিরেই তাদের দীর্ঘদিনের এ সমস্যা সমাধান করা হবে । প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সার্বক্ষনিক যোগাযোগ রাখতে হবে । সেই সাথে তাৎক্ষনিক চাঁদপুর জেলা প্রশাসন থেকে এ প্রতিষ্ঠানের জন্য ৫০হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত জানান । সভায় উপস্থিত চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ ভুইয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একটি ভ্যান গাড়ীর জন্য ১০হাজার টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।এ ছাড়াও সভায় বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় ।
