
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের বাস স্টেশন মাদ্রাসা রোডে ড্রেজার দিয়ে বালু ভরাট করায় প্রতিপক্ষ বালু ব্যবসায়ীর সন্ত্রাসী হামলায় ২ জন আহত ও বেশ কিছু ড্রেজার পাইপ ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত অনুমান দেড়টায়। জানা যায়, মাদ্রাসার রোড এলাকায় জাহাঙ্গির হোসেন ১ বছর পূর্বে দর্জিঘাট এলাকার ড্রেজার বালু ব্যবসায়ী বদিউজ্জামান মুন্নার মাধ্যমে ড্রেজার দিয়ে পুকুর ভরাটের জন্য চুক্তি করে। জাহাঙ্গির তার চুক্তি অনুযায়ী মুন্নাকে অর্থ প্রদান করে। ১ বছর পর গত দুদিন ধরে মুন্ন জাহাঙ্গিরের পুকুর ভরাটের কাজ শুরু করে। এর মধ্যে স্থানীয় যুবক আমান নিজেকে ড্রেজার ও বালু ব্যবসায়ী হিসেবে জাহির করতে জাহাঙ্গিরকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে যেনো মুন্নাকে দিয়ে পুকুর ভারাট না করিয়ে তার মাধ্যমে যেনো ভরাট করে। কিন্তু জাহাঙ্গির ১ বছর পূর্বে বদিউজ্জামান মুন্নার সাথে চুক্তিপত্র করে বায়নার টাকা প্রদান করেছে। এ বিষয়টি আমান বুঝতে রাজি হয়নি। শুক্রবার রাতে সে তার লোকজন নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে আসা ড্রেজারের ১৫-১৬টি পাইপ ভেঙে ফেলেছে বলে জমির মালিক জাহাঙ্গির জানান। এছাড়া ওই রাতেই বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ির মসজিদের সামনে ড্রেজারের কাজ করা একই এলাকার আলী বেপারীর ছেলে সোহাগ বেপারী (২৫) ও মমিন বেপারীর ছেলে মুরাদ বেপারী (৩৫) কে বেদম ভাবে পিটিয়ে আহত করা হয়। রাতেই তাদেরকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
