আকস্মিক ঝড়ে কমডেকা মাঠের বিভিন্ন স্থাপনার কিছুটা ক্ষয়ক্ষতি হলেও অনুষ্ঠানের কোনো ব্যাঘাত ঘটবে না। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান যথারীতি হবে ইনশাআল্লাহ। সকল শঙ্কা এবং উৎকণ্ঠা দূর করে এমনই আশার কথা শুনালেন বাংলাদেশ স্কাউটস্-এর উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মোঃ মশিউর রহমান।
গতকাল রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদক কথা বলেন বাংলাদেশ স্কাউটস্-এর এই কর্মকর্তার সাথে। এ সময় তিনি হাইমচরের চরভাঙ্গায় কমডেকা মাঠে ছিলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয় সন্ধ্যায় যে আকস্মিক ঝড় ও বৃষ্টি হয়েছে এতে কমডেকা মাঠের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং অনুষ্ঠানের কোনো সমস্যা হবে কি-না। তখন তিনি বেশ দৃঢ়তার সাথে বলেন, স্কাউটরা তো সবসময় দুর্যোগ মোকাবেলা করে। আর এটা তো কোনো দুর্যোগই না। ঝড় এবং বৃষ্টিতে কয়েকটি তাঁবুর কিছু ক্ষতি হয়েছে, আর উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক প্যান্ডেলের কিছু কাপড় ছিঁড়ে গেছে। এগুলো সব আজকে দুপুরের মধ্যে ঠিক হয়ে যাবে এবং কমডেকা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতিও আজ সন্ধ্যার মধ্যে সম্পন্ন হয়ে যাবে আশা করছি। আর আমাদের স্কাউটস্ সদস্যদের রিপোর্টিং হবে আগামীকাল (আজ)। ৬শ’ দলের মধ্যে আজকে (গতকাল) এসেছে মাত্র ১ থেকে দেড়শ’ দল। বাদবাকীরা আজ শনিবার চলে আসবে। আমরা কর্মকর্তারা চলে এসেছি। এছাড়া এ বিষয়ে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী এবং হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তারাও কমডেকা অনুষ্ঠানের কোনো সংশয় বা আশঙ্কা নেই বলে দৃঢ়তার সাথে জানান।
এদিকে ঝড়ে হাইমচরে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে নির্মিত তোরণ, ব্যানার ও ফেস্টুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আকস্মিক ঝড়ে তাঁবুতে থাকা তিন শিক্ষার্থী আহত হয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা নিয়েছে। আহতরা হলো : ঢাকা বারিধারাস্থ ক্যামব্রিয়ান স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী নীরা, মিম ও সিলেট সুরমা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র সামাদ হোসেন। আকস্মিক এ ঘটনাকে সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবেলার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনসহ স্কাউটস্ কর্মকর্তাদের ব্যস্ত থাকতে দেখা গেছে। এদিকে ঝড় ও বৃষ্টির কারণে স্কাউট ও রোভার স্কাউট শিক্ষার্থী যারা কালকেই চলে এসেছে তারা নিরাপদ স্থানে থাকার জন্যে কমডেকা মাঠ সংলগ্ন বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় রাতে থাকার জন্যে ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ৬টি অ্যাম্বুলেন্সসহ চিকিৎসকগণ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে তৎপর রয়েছে।
