
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশের এস আই মাসুদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট নামক স্থানে বোগদাদ বাস থেকে তা আটক করেন। জানা যায়, গোয়েন্দা পুলিশের এস আই মাসুদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট নামক স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় কুমিল্লা থেকে আগত একটি বোগদাদ বাস থেকে (৩০) বরগুনা জেলার পঞ্চায়েত বাড়ির মাইসা গ্রামের শামছুল আলমের ছেলে রিয়াজ হালদার ইকবালের কাছে প্যাকেট ভর্তি ৬ কেজি গাঁজা পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, এ বছরের অন্যান্য অভিযানের মধ্যে এস আই মাসুদের নেতৃত্বে এ ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা একটি সফল অভিযান। তিনি আরো জানান, জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
