প্
রতিনিধি
উন্নত ও পরিবেশবান্ধব ইটভাটা প্রস্তুতের জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানিয়ে আগামী ৩০ জুনের মধ্যে পৌর এলাকার ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
রোববার বন ও পরিবেশ মন্ত্রণালয়ে ইটভাটা মালিক সমিতির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’২০১৩ এর বাস্তবায়ন ও সঠিক প্রয়োগের বিষয়ে ভাটা মালিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই নতুন আইনে হাজীগঞ্জ পৌর মেয়র মো. আবদুল মান্নান খাঁন বাচ্চু’র রনি ব্রিক্সসহ ধেররা বিলওয়াই এলাকার পাটওয়ারী ব্রিক্স , আলীগঞ্জের মেসার্স রকিবুল ব্রিক ফিল্ড বন্ধ হতে যাচ্ছে।
সভায় জানানো হয় গত বছরের ২০ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’২০১৩ প্রকাশিত হয়।
আইনের ধারা-১ এর উপধারা-২ অনুয়ায়ী আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে।
নতুন আইন অনুযায়ী দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকার ইটভাটা আগামী ৩০ জুনের মধ্যে বন্ধ অথবা অন্যত্র স্থানান্তর করতে হবে। এছাড়া পুরোনো আইন অনুযায়ী বিদ্যমান ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি বিশিষ্ট ইটভাটাগুলোকে ৩০ জুন পর্যন্ত দুই লাখ টাকা জরিমানা সাপেক্ষে পরিচালনার যে অনুমতি ছিল, ১ জুলাই থেকে নতুন আইন বাস্তবায়নের কারণে সেটি আর কার্যকর থাকছে না।
নতুন আইন বাস্তবায়ন ও কার্যকরের কারণে এখন থেকে দেশের প্রতিটি ইটভাটা আধুনিক পদ্ধতিতেই নির্মাণ ও পরিচালনা করতে হবে। এ বিষয়ে সকল জেলা ও উপজেলা প্রশাসনকে শিগগিরই নির্দেশনা পাঠানো হচ্ছে।
মন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও রূপান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) উদ্যোক্তাদেরকে ঋণ প্রদানের জন্য তহবিল গঠন করেছে। সেখান থেকে ঋণ নিয়ে উদ্যোক্তারা পরিবেশবান্ধব ইটভাটা তৈরি করতে পারেন।
