চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ১৫ মে থেকে সারাদেশে একযোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। চাঁদপুর জেলায়ও ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রথমে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। এরপর নির্ধারিত কেন্দ্রে গিয়ে ছবি তুলবে ভোটাররা। চাঁদপুর জেলার আট উপজেলায় ১৫ মে থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। আর ২৬ মে থেকে ছবি তোলার কাজ শুরু হবে। তবে প্রথমত এখন ৩ উপজেলায় ছবি তোলার সময়সূচি ঠিক করা হয়েছে। তিনটি ধাপে এই জেলার আট উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হবে। এই হালনাগাদ কার্যক্রমে চাঁদপুর জেলায় এবার ৭৬ হাজার নতুন ভোটার নিবন্ধন করার টাগের্ট করা হয়েছে। চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রতি বছর ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সে ধারাবাহিকতায় এবারো এ কার্যক্রম ১৫মে থেকে শুরু হচ্ছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার আট উপজেলায় তিনটি ধাপে এ কার্যক্রম করা হবে। প্রথম পর্যায়ে চাঁদপুর শহর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় ১৫মে থেকে ২৪মে পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে এবং ভোটারদের ছবি তোলার জন্য তারিখ ও স্থান উল্লেখসহ স্লিপ দিয়ে আসবে। এই তিন উপজেলায় যারা নতুন ভোটার নিবন্ধিত হবে তাদের ছবি তোলার তারিখ হচ্ছে চাঁদপুর সদরে ২৬মে থেকে ২৪ জুলাই, ফরিদগঞ্জ ২৬মে থেকে ১৫ জুলাই এবং কচুয়া ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর।
দ্বিতীয় পর্যায়ে হাজীগঞ্জ, শাহ্রাস্তি ও হাইমচর উপজেলায় ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। এই পাঁচ উপজেলায় ছবি তোলার তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে সহসা নির্ধারণ হয়ে যাবে বলে জানা গেছে।
এ জেলায় ভোটার তালিকা হালনাগাদ করণে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ৯শ’ ৪৪ জন তথ্য সংগ্রহকারী কর্মকর্তা। আর এর সুপারভাইজার থাকবেন ২শ’ ২ জন। মোট ১ হাজার ১শ’ ৪৬ জন এ কাজে নিয়োজিত থাকবেন। জানা গেছে, যাদের জন্ম তারিখ ০১/০১/১৯৯৭ খ্রিঃ তারা এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ জেলায় বর্তমান মোট ভোটার হচ্ছে ১৫ লাখ ৩২ হাজার। এ সংখ্যার শতকরা ৫ ভাগ হারে ৭৬ হাজার নতুন ভোটার এই হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার টাগের্ট নির্ধারণ করা হয়েছে।
এ দিকে এ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘ছবিসহ ভোটার তালিকা হালানাগাদ করণ সংক্রান্ত জেলা সমন্বয় কমিটি’ নামে কমিটি করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হচ্ছেন জেলা প্রশাসক ও সদস্য সচিব হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা। এ কমিটিতে সরকারি আরো কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।
