সারা বাংলাদেশের ন্যায়ে চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শনিবার পুলিশ লাইনে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রার্থীরা শারীরিক যোগ্যতা ও লিখিত পরীক্ষায় প্রায় ৭৬৪ জন প্রার্থী অংশগ্রহণ করে। সারা বাংলাদেশে ৫০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে চাঁদপুর জেলায় মহিলা পদে ২৭ জন ও পুরুষ পদে ১৫৪ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাঁদপুর পুলিশ সুপার মোঃ আমির জাফরকে প্রধান করে ব্রাহ্মনবাড়িয়ার এডিশনাল এসপি, চট্টগ্রাম রেঞ্জের সহকারী পুলিশ সুপারসহ ৩ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা সকাল থেকে সারিবদ্ধভাবে পুলিশ লাইনে প্রবেশ করার পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হয়। যারা শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হয়েছে তারা পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে। শারীরিক ও লিখিত পরীক্ষা সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। পুলিশ সূত্রে জানা যায়, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফলাফল আগামী ২ মার্চ প্রকাশ করা হবে।
সরকার পুলিশবাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে সারা দেশে ৫০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত উপনীত হয়। তারই ধারাবাহিকতায় শনিবার চাঁদপুরে পুরুষ মহিলাসহ ১৮১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পুলিশ লাইনে গিয়ে দেখা যায়, নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা প্রস্তুতি নিয়ে সারিবদ্ধভাবে কঠোর নিরাপত্তা ব্যাষ্টনীর মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনের বাইরে ও চাঁদপুর কুমিল্লা মহা সড়কে অবস্থান করতে দেখা যায়।
এদিকে চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে কয়েকটি দালাল চক্র রাজনৈতিক দলের নেতাদের ও পুলিশ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে অসহায় প্রার্থীদের কাছ থেকে চাকরী দেয়ার নাম করে আড়াই থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। পুলিশ লাইনে নিয়োগ পরীক্ষা দিতে আসা কয়েকজন প্রার্থী জানায়, যারা দালাল চক্রের মাধ্যমে পরীক্ষা দিয়েছে তাদের নিয়োগ নিশ্চিত এমনই গুজব ছড়িয়েছে। দালাল চক্ররা কনস্টেবল নিয়োগ পরীক্ষার পূর্বে প্রার্থীদের কাছ থেকে আড়াই থেকে ৩ লাখ টাকা কন্টাক্টের মাধ্যমে পূর্বেই হাতিয়ে নিয়েছে। পুলিশ লাইনে সকাল থেকেই এসব দালালদের আনাগোনা লক্ষ্য করা গেছে। এ সময় প্রার্থীদের, অভিভাবক ও দালাল চক্রদের কয়েকজন সাংবাদিক ছবি ধারণ করতে গেলে ডিবি পুলিশের কয়েকজন কনস্টেবল বাঁধা প্রদান করে। তারা এক সাংবাদিককে পুলিশ লাইনের গেইটের ভিতর ঢুকিয়ে হুমকি দেয়।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

