গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামীকাল ১ এপ্রিল রোববার চাঁদপুর আসছেন। এদিন সকাল ১১টায় তিনি হাইমচরের চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটস্-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কমডেকা উদ্বোধন করবেন। এরপর দুপুর পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত জোহরের নামাজ এবং মধ্যাহ্ন বিরতির সময় তিনি চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। দুপুর ২টা ৪০ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট সময়ে তিনি জনসভাস্থল চাঁদপুর স্টেডিয়ামে ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। বিকেল ৩টায় তিনি জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সাথে প্রায় ডজনখানেক কেন্দ্রীয় নেতা আসবেন বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ আসবেন।
