
কবির হোসেন মিজি
চাঁদপুর শহরের জি.টি রোডে গতকাল সোমবার স্কুল পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ হয়েছে। জানানোর পরও প্রশাসন তা রুখতে পারেনি। ঢাকঢোল পিটিয়েই বিয়ে দেয়া হলো ১০ম শ্রেণীর ছাত্রী মিমিকে।
জানা যায়, চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্রী শাখার ১০ম শ্রেণির ছাত্রী আবুল হোসেন মিজির কন্যা আফসানা জাহান মিমিকে বিবাহ দেয়া হচ্ছে। এ খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার দুলাল চন্দ্র সূত্রের নির্দেশে যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে যান। তিনি বাল্য বিবাহ আইনত দণ্ডণীয় অপরাধ সম্পর্কে মিমির পরিবারকে অবগত করেন। তারা তার কথায় কর্ণপাত না করে স্থানীয় একজন আলেমের মাধ্যমে বিবাহ কাজ সম্পন্ন করেন। তবে কাজীর কাছে এটি রেজিস্ট্রি করা হয়েছে কিনা তা এলাকাবাসী নিশ্চিত বলতে পারছে না। এলাকাবাসীর ধারণা, এলাকার কাজী হয়ত প্রকাশ্যে না আসলেও গোপনে এই বিবাহ রেজিস্ট্রি করেছেন।
এলাকার ক’জন ব্যক্তি জানান, যুব উন্নয়নের কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই বাল্য বিবাহের কাজে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে মোঃ আজহারুল ইসলাম চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। কন্যার মাতা নাছিমা বেগমের সাথে আলাপ করলে তিনি জানান, আমরা কয়েকদিন আগে এফিডেভিটের মাধ্যমে বিয়ে দিয়েছি। আজকে বিবাহোত্তর অনুষ্ঠান। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।
