
স্টাফ রিপোর্টার ॥ দূর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান বলেছেন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে অনেকেই দেশ-বিদেশে তাদের যোগাত্যা ও দক্ষতার মাধ্যমে সুনাম বৃদ্ধি করেছে। তোমরা যারা শিক্ষার্থী রয়ছো, তোমাদেরকেও কঠোর পরিশ্রম অনুশীলনীর মাধ্যমে সে পথ অনুসরণ করতে হবে। যে কোন কঠিন পরিস্থিতে আসুক না কেন, পড়া-লেখা অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল শনিবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় এর স্থায়ী দাতা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। একই অনুষ্ঠানে অত্র বিদ্যালয় থেকে এ বছর ৯ম পাঞ্জেরী চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জায়েদ হোসেন খান আরো বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক ও সমন্বয় বজায় থাকলে যে কোন কাজে সাফল্য আসবে।
বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও গবেষক ড. নেপাল চন্দ্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসান খান।
ড. হাসান খান বক্তব্যে বলেন, আমিও এ বিদ্যালয়ের ছাত্র। আমরা যখন অধ্যয়নরত ছিলাম, তখন আমাদের সিনিয়রদের অনুসরণ করতাম। যাদের অনুসরণ করলে আমিও একজন ভালো ছাত্র হব, এমন চেষ্টাই ছিলো। তোমরা যারা অধ্যয়নরত তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসা, সঠিকভাবে পাঠদান গ্রহন করা এবং বাড়িতেও ঠিকমত পড়াশুনা করবে। তাহলেই তোমাদের লক্ষ্য অর্জন হবে।
এছাড়াও তোমরা যারা বিদ্যালয়ে অধ্যয়নরত তোমাদের উদ্দেশ্যে আমার খোলা বক্তব্য হচ্ছে, কেউ আবেগী হওয়ার চেষ্টা করবা না। এ বয়সে অনেকেই প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে। কোন কিছু বুঝার জ্ঞান না থাকার কারণে দূর্ঘটনার শিকার হয়। তোমাদের মনের ভাব শিক্ষক ও পিতা-মাতার সাথে বলবে। তোমাদের নিজস্ব পছন্দ ও ভালোলাগার বিষয় থাকতে পারে। সেজন্য নিজে শিক্ষা জীবন শেষ না করে এবং সনির্ভর না হওয়া পর্যন্ত কোন ভুল সিদ্ধান্ত গ্রহন করা থেকে বিরত থাকতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হোসেন ঢালীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়াজী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম তালুকদার, মো. ইব্রাহীম খান, হাজী মো. রফিকুল ইসলাম মিয়াজী ও মো. ফারুকুল ইসলাম পাটওয়ারী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জায়েদ হোসেন খান এর সহধর্মিনী সালমা খান, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জায়েদ হোসেন খান এবং বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলেদেন অতিথিবৃন্দ।
