
ফরিদগঞ্জে আব্দুল খালেক (৬০) নামে এক পাইকারী ডিম ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় এ ব্যবসায়ী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীর ছেলে মোঃ ইয়াছিন মিয়া জানান, তার পিতা আব্দুল খালেক ওই ইউনিয়নের আনন্দ বাজারে পাইকারী ডিমের ব্যবসা করেন। শুক্রবার রাতে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ওই রাতেই প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে মোঃ ইয়াছিন মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
