শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এ তদন্ত করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শোরশাক উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওই তদন্ত টিম স্কুলে আসে। সুষ্ঠ তদন্তের স্বার্থে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে তদন্ত টিম সকলের লিখিত বক্তব্য গ্রহণ করেন। এ বিষয়ে এলাকাবাসী জানান বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকার কিছু লোকজনের মধ্যে গ্রুপিংয়ের কারণে ছেলে-মেয়েদের লেখাপড়ার বিঘœ ঘটছে।
উল্লেখ্য যে, বিদ্যালয়টি ১৯৩০ সালে স্থাপিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠানা হাজী মফিজ উদ্দিন গং। বর্তমানে বিদ্যালয়টি ৩৭ শতাংশ ভূমির মধ্যে অবস্থিত।
তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন মতলব দক্ষিণের উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক সিকদার, চাঁদপুর সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মোস্তাক আহমেদ ও হাজীগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়টির সকল সমস্যা সমাধান করে বিদ্যালয়টি পুনরায় নিয়মিত পাঠদানের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

