শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি উপজেলা যুবদল ও পৌর যুবদলের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা ৬ টায় ঠাকুর বাজারস্থ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. শাহেদুল হক মজুমদার সোহেলের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা যুবদলের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে উপজেলা যুবদলের সভাপতি সাইফুল করিম মিনার উপজেলার সকল ইউনিয়ন যুবদল ও ইউনিয়ন সংশ্লিষ্ট সকল ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এছাড়া পৌর যুবদলের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে পৌর যুবদলেরর সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমন পৌরসভার সকল ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এছাড়া উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন কল্পে ডিসেম্বর মাসকে কর্মী সংগ্রহ মাস হিসেবে ঘোষণা করেন। মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাছান মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহবুব আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাসেম আকাশ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক শাহপরান নয়ন, ছাত্রনেতা মোয়াজ্জম হোসেন সিপন, তাজুল ইসলাম, বদিউজ্জামান বদু, সাইফুল ইসলাম অন্তু, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক প্রমুখ।
পৌর যুবদলের সভাপতি তাজুল ইসলামসুমন বলেন দীর্ঘদিন যাবৎ শাহরাস্তি পৌর যুবদলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নবগঠিত পৌর যুবদলকে সাথে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি দেওয়া হবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নবগঠিত শাহরাস্তি উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে। সেজন্য প্রত্যেকটি ইউনিয়নে নতুন কমিটি উপহার দেওয়া হবে। অচিরেই শাহরাস্তি উপজেলা যুবদলের ব্যাপক পরিসরে একটি কর্মী সমাবেশ করা হবে।
উপজেলা যুবদলের সভাপতি সাইফুল করিম মিনার বলেন দীর্ঘ দিন যাবৎ শাহরাস্তি উপজেলা যুবদল ঘুমন্ত অবস্থায় ছিল। নবগঠিত যুবদলের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঘুমন্ত যুবদলকে জাগিয়ে তুলতে হবে। সে লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে নতুন কমিটি দেওয়া হবে। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হাজী আফজাল হোসেনের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা যুবদল ঐক্যবদ্ধ। আমি যুবদলের একজনকর্মী হিসেবে শাহরাস্তি উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে চাই, সে লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

