
চাঁদপুরে এই প্রথম স্বামীকে নির্যাতন, ১০ লাখ টাকা ও বাড়ি করে দেয়ার
দাবি এবং অন্য ছেলের সাথে বিয়ে করে গোপন রেখে পুনরায় আবার নতুন করে আড়াই
লাখ টাকা কাবিন করায় শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকার খন্দকার মনির
হোসেনের দায়ের করা মামলায় তার স্ত্রী মিনোয়ারা বেগম (২৫)-এর জামিন নামঞ্জুর
করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৯ মার্চ) দুপুরে শাহরাস্তি আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান জামান এই নির্দেশ দেন।
মামলার বাদী খন্দকার মনির হোসেন শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের
বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরর ছেলে এবং মামলার বিবাদী মনির
হোসেনের স্ত্রী মিনোয়ারা বেগম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের
ইমান হোসেনের মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, মনির ও মিনোয়ারা বেগম ২০১৩ সালে বিবাহ বন্ধনে
আবদ্ধ হন। বিয়ের পর থেকে মিনোয়ারা বেগম স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে
নির্যাতন করে আসছিলেন। এরমধ্যে ২০১৭ সালে মিনোয়ারা বেগম পিত্রালয়ে গিয়ে
গোপনে অন্য ছেলেকে বিয়ে করে সংসার করেন। কিছুদিন পরে আবার বিয়ের কথা গোপন
করে মনিরের সংসারে আসেন এবং আড়াই লাখ টাকা কাবিন করেন। এসব ঘটনা চলমান
অবস্থায় মিনোয়ারা বেগম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন এবং তাকে
বরুড়ায় একটি বাড়ি করার জন্যে চাপ প্রয়োগ করেন। তাদের উভয়ের মধ্যে এই নিয়ে
ঝগড়া বিবাদ হয় এবং মিনোয়ারা বেগম তার স্বামীকে বেদম পিটিয়ে আহত করেন। এসব
ঘটনায় প্রতিবাদ জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় খন্দকার মনির হোসেন ২০১৯
সালের ১১ সেপ্টেম্বর মিনোয়ারা বেগমকে বিবাদী করে মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ মহসীন মিয়া বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে
তদন্ত করার জন্যে শাহরাস্তি থানাকে নির্দেশ দেন। এছাড়াও আদালত বিবাদী
মিনোয়ারা বেগমের বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবার বিয়ে ইত্যাদির কাগজপত্র
পর্যালোচনা করেন। এসব পর্যালোচনা শেষে আজ (গতকাল) আসামী মিনোয়ারা বেগম
আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ মোঃ
হান্নান কাজী।
