‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কতিপয় ধারা সংশোধনের লক্ষ্যে ৮ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে চাঁদপুরের হাজীগঞ্জের সড়ক পরিবহন শ্রমিকেরা। রবিবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরম্ন করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পরিবহন শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন আটকে দেয় সড়কে অবস্থানকারী শ্রমিকরা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ও উপজেলা ট্রাক ও ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন শাখা।
এর আগে সকাল থেকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাকিলা, কৈয়ারপুর, বলাখাল, ধেররা, হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তা বিশ্বরোড় এলাকা, টোরাগড়, আলীগঞ্জ, এনায়েতপুর এলাকায় ও রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ অংশের জিয়ানগনর, সেন্দ্রা ও বেলচা বাজারের সড়ক অংশে অবস্থান নেয় শ্রমিকরা।
এ সময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক আহসান উল্যাহ কাশারী, জেলা ট্রাক ও ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসাইন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ কাশারীসহ প্রায় শতাধিক পরিবহন শ্রমিক ও শ্রমিকনেতা উপস্থিত ছিলেন।
