শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি পৌর শহরের প্রধান সড়ক ঠাকুর বাজার ব্যবসায়ীদের পণ্যবাহী ট্রাকের দখলে সড়কে তীব্র যানজট ও যাত্রীদের চরম দূর্ভোগ। ট্রাক দাঁড় করিয়ে ব্যবসায়ীদের মালামাল ওঠানামা করার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। বিষয়টির প্রতিকারে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। ফলে ওইসব রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ যেনো নিত্যসঙ্গী হয়ে গেছে পৌরবাসীর।
সরজমিনে দেখা যায়, শাহরাস্তি পৌরসভার ব্যস্ততম সড়ক ঠাকুরবাজার হতে মহামায়া গাছতল এবং মেহের কালীবাড়ি উত্তর মাথা থেকে কালীবাড়ির দক্ষিণ মাথা ৩ রাস্তার মোড় পর্যন্ত রাস্তার উপর সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান রাস্তার উপর দাঁড় করিয়ে রাস্তা সংলগ্ন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গম, চাল, কাঁচামাল, রড, সিমেন্ট, এ্যাঙ্গেলসহ বিভিন্ন প্রকার পণ্য লোড-আনলোড করা হচ্ছে। এতে রাস্তার বেশিরভাগ অংশ বড় বড় ট্রাকের দখলে চলে যাওয়ায় রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই নাগরিক ও সিএনজি স্কুটার চালকদের সাথে ট্রাক চালকদের ঝগড়া করতেও দেখা যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে হাসপাতালে আসা রোগী ও স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের।
ঠাকুর বাজার এলাকার ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন জানান, অন্যান্য শহরে রাত ৮টার পর পণ্যবাহী ট্রাক গিয়ে পণ্য ওঠানামা করলেও এখানে সেটি মানা হচ্ছে না। এখানে যে যখন পারছে ছোট রাস্তাগুলোতে পাঁচ টন থেকে ১০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাকগুলোতে ১৫ থেকে ৩০ টন মালামাল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় দাঁড়িয়ে মালামাল ওঠানামা করায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সিএনজি স্কুটার, রিক্সা-ভ্যান তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাটাও দায় হয়ে পড়ছে। একইভাবে রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে অধিক পণ্য নিয়ে ট্রাকগুলো চলাচল করায় রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
রিক্সা চালক মোঃ সাফায়েত হোসেন বলেন, রাস্তাগুলোতে বড় বড় ট্রাক দাঁড়ানোর কারণে যানজটে পড়ে রিকশা-ভ্যান চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে। এতে দিনের আয় কমে যাচ্ছে। রাস্তায় যানজট নিরসনে আমরা লাইনম্যান বৃদ্ধির বিষয়টি পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছি।
ঠাকুর বাজার ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, মালামাল ওঠা-নামার জন্যে নির্ধারিত জায়গা না থাকায় বাধ্য হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাক দাঁড় করে পণ্য ওঠা-নামা করতে হচ্ছে। ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন পাটওয়ারী বলেন, রাস্তার দু’পাশে ৩ মাস যাবৎ ড্রেনেজ ব্যবস্থার কাজ চলার কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ জানান, ব্যবসায়ীদের পণ্য ওঠা-নামার জন্যে নির্ধারিত স্থান না থাকায় এ সমস্যাটি হচ্ছে। তবে বিষয়টি অতি দ্রুত সমাধান করা হবে।
