
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের মতলব উত্তরে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে কৃমির ঔষধ খেয়ে কমপক্ষে ২০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে সরকারিভাবে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কৃমির ঔষধ খেয়ে ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, কারো মাথা ব্যাথা, কারো বুক ব্যাথাসহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দিয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠায়। মতলব সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৬জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ৪-৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। ভর্তিকৃত শিক্ষার্থীরা হলো- মীম (৯ম), সানজিদা আক্তার (৯ম), ফাহিমা (৭ম), তাহমিনা (৯ম), ফাতেমা (৯ম), শিরিনা (৭ম), অনিমা (৭ম), মুন্নী (৮ম), শিল্পী (১০ম), ইফতি (৭ম), সুমা (৭ম), আমেনা (৭ম), পান্না (৯ম), খাদিজা (৯ম), তরিকুল ইসলাম (৭ম), মেহেদী হাসান (৯ম), রিজন আহমেদ (১০ম)। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ জানান, সকালে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পর্যায়ক্রমে অসুস্থের সংখ্যা বাড়তে থাকায় তাদের প্রত্যেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান বলেন, প্রত্যেককে চিকিৎসা দেয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে সবাই সেড়ে উঠবে। দুঃচিন্তার কোন কারণ নেই।
