স্টাফ রিপোর্টার:
চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহর এলাকায় রাস্তার উপর ফুটপাতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত ১৮ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাণবাজার ও নতুনবাজারের বিভিন্ন এলাকার সড়কে এ অভিযান চালানো হয়। এদিন পৌরসভার একদল উচ্ছেদকর্মী নিজস্ব গাড়িযোগে পুরাণবাজারের মোম ফ্যাক্টরী, রিফিউজি কলোনী এবং মধ্য শ্রীরামদী সংযোগ মেয়র সড়ক, রয়েজ রোড়, লোহারপুল এবং নতুনবাজারের পালবাজার ও কালীবাড়িতে এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ফুটপাত দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো পৌরসভার উচ্ছেদকর্মীরা অপসারণ করেন এবং ভেঙ্গে দেয়।
এ উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা পৌর কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল ও ফয়সাল আহমেদ জানান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে শহরের বিভিন্ন সড়কের উপর যারা অবৈধ স্থাপনা নির্মাণ করে ফুটপাত দখল করে রেখেছে সেসব স্থাপনা আমরা উচ্ছেদ করছি। তিনি আরো জানান, মেয়র মহোদয়ের নির্দেশ হলো, রাস্তা দিয়ে গাড়ি আর ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে। এই দুই স্থানে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পৌর কর্তৃপক্ষ তা উচ্ছেদ করে দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। তবে ইতঃপূর্বে বহুবার এমন উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার পূর্বের ন্যায় অবৈধ স্থাপনা বসে যায়। তাই জনগণ এর স্থায়ী একটি ব্যবস্থা চাচ্ছে।
