
রফিকুল ইসলাম বাবু।
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর জেলার অন্যতম প্রধান সমস্যার নাম হলো যানজট। সকাল, বিকেল, সন্ধ্যা যে কোন সময়ই শহরবাসীকে পড়তে হচ্ছে যানজটের খপ্পরে। এতে করে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত চাঁদপুর শহর এখন রূপ নিচ্ছে যানজটের নগরীতে। বিগত কয়েক বছর যাবত চাঁদপুর জেলাবাসীকে নিয়মিত পড়তে হচ্ছে যানজটের কবলে। অপরিকল্পিত সরু রাস্তা-ঘাট, ফুটপাত দখল, অনিয়ন্ত্রিত মাত্রাতিরিক্ত যানবাহান ও চালকদের আইনের প্রতি অশ্রদ্ধাশীলতার কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানজট। এতে করে শহরবাসীকে পড়তে হচ্ছে বিপাকে। বর্তমানে চাঁদপুরে লাইসেন্সপ্রাপ্ত সিএনজিচালিত অটোরিক্সা চলে ৭ হাজার, রিক্সা ২৫শ’ ও ব্যাটারিচালিত অটোবাইক ১৩শ’। কিন্তু এর বাইরে রাস্তায় অবৈধ যান চলে আরো প্রায় ৫ হাজার। এছাড়া পাশ^বর্তী জেলা থেকে আসা যানবাহনের জন্যে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। যানজটের ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হতে হয় রোগী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের। এতে করে তারা সময় মত স্কুল কলেজে যেতে পারে না। চাঁদপুরের যানজট বর্তমান সময়ে ব্যস্ততম নগরী রাজধানী ঢাকাকেও হার মানাচ্ছে। যানজট নিরসনে কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন শহরবাসী। রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলের সাথে চাঁদপুর জেলার নৌ-যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অনেক মানুষ চাঁদপুর হয়ে ঢাকা ও বরিশাল যাওয়া আসা করে। এছাড়া বরিশাল ও খুলনা অঞ্চলের যাত্রীরা লঞ্চ ও ট্রেনযোগে চাঁদপুর হয়ে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এতে করে বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলোতে প্রচুর পরিমানে যাত্রী যাতায়াত করে চাঁদপুর হয়ে। তখন দীর্ঘ সময়ের জন্য যানজট লেগে থাকে। ফলে শহরবাসীকে পড়তে হয়ে ভয়াবহ যানজটের মুখে।
