স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজের অ্যাপ্রোচ সড়কের মাঝ বরাবর সিঁড়ির পাশে দুই লাখ টাকা ছিনিয়ে পালাবার সময় জনতার সহযোগিতায় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের থেকে ছিনতাই হওয়া ৭৭ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। তাদের সাথে থাকা অপর ছিনতাইকারী বাদবাকি টাকা নিয়ে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আটককৃতরা হলো রাব্বী (১৬), শরীফ গাজী (২০) ও হেলাল (১৮)। এদের সবার বাড়ি চাঁদপুর শহরের বকুলতলা ও জেটিসি কলোনীতে। পুরাণবাজার ফাঁড়ি পুলিশ পালিয়ে যাওয়া ছিনাতাইকারী অন্তরের কাছ থেকে অবশিষ্ট টাকা উদ্ধারে অন্তরের সৎ বাবা মোস্তফা শেখ (৪০)কে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, পুরাণবাজার লোহারপুলের ধান-চাল ব্যবসায়ী জালালাবাদ ট্রেডার্সের কর্মচারী শুভ (১৬) পূবালী ব্যাংক পালবাজার শাখা থেকে নগদ দুই লাখ টাকা উত্তোলন করে যাবার সময় ছিনতাইকারীরা তার পিছু নেয়। সে ব্রিজের অ্যাপ্রোচ সড়কের মাঝ বরাবর সিঁড়ি বেয়ে ব্রিজের উপর গিয়ে অটোরিঙ্ায় উঠার সময় ৪/৫জন ছিনতাইকারী ছেলেটিকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবার চেষ্টা করে। তখন ছেলেটির চিৎকার শুনে তাৎক্ষণিক পথচারীদের সহযোগিতায় ওই ছিনতাইকারীদের মধ্যে তিনজনকে আটক করা হয়। তখন ছিনতাইকারী রাব্বীর পকেট থেকে ৫০ হাজার টাকার ১টি ব্যান্ডেল ও পালিয়ে যাওয়া অন্তরের বাসায় গিয়ে তার মার কাছ থেকে ২৭ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। বাদ বাকি ১ লাখ ২২ হাজার ৫শ’ টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। আটক তিনজনসহ পলাতক অন্তর পেশাদার ছিনতাইকারী বলে ধারণা ওই পুলিশ কর্মকর্তারা।
